ইমরান খানের পর এবার অস্ত্রোপচারের টেবিলে বুশরা বিবি!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ডান চোখে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আদিয়ালা জেলে বন্দি থাকা অবস্থায় হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ তুললে তাকে রাওয়ালপিন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রখ্যাত রেটিনা বিশেষজ্ঞ ড. নাদিম কুরাইশির তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বুশরা বিবি ‘রেটিনাল ডিটাচমেন্ট’ বা রেটিনা বিচ্ছিন্ন হওয়া সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে মায়োপিয়া ও অ্যাস্টিগম্যাটিজমজনিত জটিলতায় আক্রান্ত। অস্ত্রোপচারের পর এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, পিটিআই নেতৃত্ব বুশরা বিবি ও ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারাবন্দি নেতাদের সঠিক চিকিৎসা পাওয়া মৌলিক অধিকার বলে দাবি জানিয়ে, ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *