প্রমাণ লোপাটের নির্দেশ শওকতের! বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর তথ্য এনআইএর হাতে
ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দীর্ঘ কয়েকদিন ফেরার থাকার পর বাইপাস সংলগ্ন এলাকা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে তারা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বোমা বাঁধার সময় বিস্ফোরণে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনার তদন্তে নেমে শওকত মোল্লাকে এই বিস্ফোরণ কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বা মূল ষড়য়ন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ তিনিই দিয়েছিলেন এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ ও নমুনা নষ্ট করার জন্য সহযোগীদের নির্দেশও দিয়েছিলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার এনআইএ-এর হাতে আসার পর থেকেই তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়। গ্রেপ্তারের আগে এনআইএ শওকত মোল্লার বাড়ি ও দলীয় কার্যালয়সহ মোট ৮টি স্থানে ম্যারাথন তল্লাশি চালায়। একইসঙ্গে তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এই মামলায় এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার বিরুদ্ধে বিস্ফোরণের পর হতাহতদের গাড়ি করে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার পেছনে কোনো বৃহত্তর চক্র বা ষড়যন্ত্র কাজ করছে কি না, এনআইএ তা খতিয়ে দেখছে।