১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ! মালয়েশিয়ার চাঞ্চল্যকর সিদ্ধান্ত

শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে এই বয়সসীমার নিচে কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং বিদ্যমান অ্যাকাউন্টগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় নতুন অ্যাকাউন্ট খোলার সময় সরকারি পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই আইন অমান্য করলে তাদের ১ কোটি রিঙ্গিত বা প্রায় ২৪ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় শিশুদের কোনো ভুলের জন্য অভিভাবকদের কোনো আইনি বা আর্থিক দায়ভার থাকবে না। এদিকে সরকারি এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল অভিভাবক এটিকে শিশুদের সাইবার বুলিং থেকে রক্ষার উপায় হিসেবে স্বাগত জানালেও, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের শিক্ষামূলক ব্যবহার ব্যাহত হওয়া এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *