কালীঘাটে সিআইডি হানা, শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন কল্যাণ!
সই জালিয়াতির একটি মামলার তদন্তে মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিরোধী দলনেতার নাম প্রস্তাব সংক্রান্ত একটি বিতর্কিত প্রস্তাবনাপত্রের আসল কপির খোঁজে কোনো পূর্ব নোটিস ছাড়াই এই তল্লাশি চালানো হয়। সিআইডি আধিকারিকরা কার্যালয়ে প্রবেশের পরেই সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এই অভিযানকে ‘রাজনৈতিক হেনস্থা’ বলে বর্ণনা করেছেন শ্রীরামপুরের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সিআইডি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ করছে। তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সিআইডি সঙ্গে করে বিজেপির লোকজনদের নিয়ে এসেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি প্রয়োজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কার্যালয়ের ভেতরে যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, তখন বাইরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও মদন মিত্র।