১২ বছরের শিশু সেজে ১৪ মাস পরিবারকে বোকা বানাল ৩৭ বছরের প্রতারক!
১২ বছরের অটিস্টিক অনাথ শিশু সেজে একটি পরিবারকে ১৪ মাস ধরে বোকা বানানোর অভিযোগে ব্রেজিলে ৩৭ বছর বয়সী আমান্ডা মারিয়া সাউজা ডি অলিভেরা নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হলিউড চলচ্চিত্র ‘অরফান’-এর কাহিনীর মতো বাস্তব জীবনেও শিশু সেজে ওই মহিলা একটি পরিবারকে দত্তক নেওয়ার প্রক্রিয়ার দিকে নিয়ে গিয়েছিল। তবে তার ১২তম জন্মদিন পালনের কয়েকদিন আগেই এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
তদন্তে জানা গেছে, মহিলাটি মূলত চার্চ ও বিভিন্ন দাতব্য সংস্থাকে লক্ষ্যবস্তু করত এবং শিশুদের মতো আচরণ করে সবাইকে বিভ্রান্ত করত। নিজের চেহারার বয়সের অসামঞ্জস্যতা ঢাকতে সে শৈশবের নির্যাতন ও ট্রমার অজুহাত দিত এবং সহানুভূতি আদায়ের জন্য নিজের শরীরে আঘাত করে জখম সৃষ্টি করত। দত্তক ইচ্ছুক পরিবারের এক আত্মীয়ের সন্দেহের ভিত্তিতে অনলাইনে অনুসন্ধান চালিয়ে জানা যায়, প্রকৃত অর্থে সে ব্রেজিলের বিভিন্ন রাজ্যে একাধিক প্রতারণা মামলার মোস্ট ওয়ান্টেড আসামি। আদালতে নিজের অপরাধ স্বীকার করার পর বর্তমানে তার মানসিক ভারসাম্য যাচাইয়ের জন্য আদালতের নির্দেশে সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন চলছে।