বিশ্বকাপের আগেই ফিফায় বড় ধাক্কা, ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক মিচেল প্লাতিনি!

ফুটবল বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করেছেন উয়েফার প্রাক্তন সভাপতি মিশেল প্লাতিনি। ২০১৬ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে প্লাতিনির নাম জড়িয়ে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সেই সময় ফিফার এথিক্স কমিটি কর্তৃক প্লাতিনির আট বছরের নির্বাসনের নেপথ্যে ইনফান্তিনোর পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, যা প্লাতিনিকে ফিফা সভাপতির হওয়ার দৌড় থেকে সরিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল।
প্লাতিনির আইনজীবী অলিভিয়ের বালেতোলি দাবি করেছেন, সেই সময় এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি ছিলেন ইনফান্তিনো। তাঁর মতে, পরিকল্পিতভাবে বাধা না দেওয়া হলে প্লাতিনিই হতেন ফিফার পরবর্তী সভাপতি। যদিও পরবর্তীতে সুইজারল্যান্ডের আদালত প্লাতিনি ও ব্লাটার উভয়কেই নির্দোষ ঘোষণা করেছে। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নজর যখন বিশ্বকাপের ওপর, ঠিক সেই সময়ে এই আইনি লড়াই নিয়ে ফুটবল বিশ্বে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনো কোনো মন্তব্য করেননি।