কেকেআরে কেন নেই বাংলার ছেলে! বিস্ফোরক ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল

কেকেআরে বাঙালি ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বর্তমান দলে বাংলার কোনো ক্রিকেটারের জায়গা না থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আইপিএলের মতো মঞ্চে বাঙালি ক্রিকেটারদের এই অনুপস্থিতিকে ‘ক্ষতের’ সমান বলে অভিহিত করে তিনি জানান, কেকেআর শিবিরে বাংলার ছেলেদের ফিরিয়ে আনা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। মন্ত্রী এই পরিস্থিতির জন্য কেকেআর কর্তৃপক্ষকে দায়ী না করে বরং পূর্বতন তৃণমূল সরকারের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর দাবি, আগের সরকার ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সহযোগিতা, সঠিক পুষ্টি ও পেশাদার সহায়তা প্রদান করতে ব্যর্থ হয়েছে। ফলে রাজ্যের প্রতিভাগুলো জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে উপযুক্ত ‘এক্সপোজার’ পায়নি।
এই পরিস্থিতি বদলাতে নতুন ক্রীড়া দপ্তর প্রতিটি জেলায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে এবং মন্ত্রী নিজে জেলা সফরে যাবেন বলে জানিয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি ও সিন্ডিকেট রাজ দূর করে তা সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি, ২০১১ সালে যুবভারতীতে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচের টিকিট ও জল বিক্রির অনিয়ম বা ‘মেসি কাণ্ড’ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী বা প্রভাবশালী কেউ জড়িত থাকলেও আইনের ঊর্ধ্বে কেউ নন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।