আপনার শহরের কোন হাসপাতালে মিলবে ‘আয়ুষ্মান ভারত’ সুবিধা? মোবাইলেই দেখে নিন সম্পূর্ণ তালিকা!
অবশেষে পশ্চিমবঙ্গে চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের মেগা স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। রাজ্য সরকার সম্প্রতি এই বিষয়ে একটি মউ (MoU) স্বাক্ষর করেছে। এই প্রকল্পের আওতায় এখন থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দারা রাজ্যসহ দেশের যেকোনো প্রান্তের ৩৬,১৯৩টি তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবেন, যার মধ্যে ১৬,৫৫৭টি বেসরকারি হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে।
বর্তমানে ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা তাঁদের আয় নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পে পরিবারের সদস্যসংখ্যা, বয়স বা লিঙ্গের কোনো ঊর্ধ্বসীমা নেই। চিকিৎসকের ফি, ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা, অস্ত্রোপচার, আইসিইউ এবং হাসপাতালের যাবতীয় খরচসহ ভর্তি হওয়ার তিন দিন আগে ও ছুটি পাওয়ার ১৫ দিন পরবর্তী চিকিৎসার খরচও এই বিমার অন্তর্ভুক্ত। পাশাপাশি, আগে থেকে থাকা রোগগুলোও প্রথম দিন থেকেই কভারেজের আওতায় আসবে। উপভোক্তারা সরকারি ওয়েবসাইট (https://nha.gov.in/ বা https://hem.nha.gov.in/search) ব্যবহার করে খুব সহজেই রাজ্য ও জেলা অনুযায়ী তালিকাভুক্ত হাসপাতালের খোঁজ নিতে পারবেন।