সায়নীকে প্রার্থী করবেন না! মোদী-শাহের কাছে কাতর আর্তি তথাগতর
তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে আপত্তি তথাগত রায়ের
যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সঙ্গে বিজেপি যেন কোনোভাবেই কোনো সম্পর্ক না রাখে, এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি দিল্লির ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে এই দাবি তুলেছেন তিনি। জানা গেছে, সম্প্রতি তৃণমূলের কিছু সাংসদ লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে সায়নীসহ অন্যান্য তৃণমূল সাংসদদের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তথাগত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তীব্র আপত্তির কথা জানিয়েছেন।
তথাগত রায়ের অভিযোগ, অতীতে সায়নী ঘোষ শিবলিঙ্গ বিতর্কিত মিম পোস্ট করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিলেন। এছাড়া তৃণমূলের নির্বাচনী প্রচারে সায়নীর গাওয়া একটি গানের প্রসঙ্গ টেনেও তিনি আপত্তি তুলেছেন। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের দাবি, অতীতে রবীন্দ্র সরোবর থানায় সায়নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলের অন্দরে বিদ্রোহের জল্পনা এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সায়নী ঘোষের বৈঠকের খবর ছড়ানোর পর তথাগত রায়ের এই অবস্থান গেরুয়া শিবিরের অন্দরে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।