ভুয়ো নামের ছড়াছড়ি, কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার তালিকা এবার আতশ কাচের তলায়!

রাজ্যের কৃষকদের দুটি প্রধান প্রকল্প ‘কৃষক বন্ধু’ ও ‘বাংলা শস্য বিমা’-র তালিকা স্বচ্ছ করতে বড়সড় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, প্রকল্প দুটিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উপভোক্তা তালিকা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ঝাড়াই-বাছাই করা হবে। অস্বচ্ছতা দূর করতে অনেক উপভোক্তাকেই নতুন করে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, রাজ্য সরকারের এই প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের আদলে রূপান্তরিত করা হবে। এর মধ্যে ‘কৃষক বন্ধু’ প্রকল্পকে ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি’ এবং ‘বাংলা শস্য বিমা’কে ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-র অন্তর্ভুক্ত করা হবে। যে উপভোক্তারা ইতিমধ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। তবে যারা শুধুমাত্র রাজ্যের প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে। এছাড়া, চাষের মরসুমে সারের কালোবাজারি রুখতে এবং পঞ্চায়েত স্তরে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত রেকর্ড সম্পন্ন পঞ্চায়েত কর্মীদের নিয়েই সরকার আগামী আড়াই বছর কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *