বিল পাশ করাতে ব্যর্থ মোদী, বিরোধীদের তোপে কি বাড়বে বিপদ?
বারো বছরের শাসনামলে প্রথমবারের মতো বড় ধরনের সংসদীয় বিপর্যয়ের মুখে পড়েছে মোদী সরকার। লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বা ৩৫২টি সমর্থন না মেলায় তা আটকে গেছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছে। বিলটি পাস হলে ২০২৯ সালের মধ্যে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত হওয়ার কথা ছিল, তবে বিরোধী শিবিরের বিরোধিতায় এই সংশোধনী প্রক্রিয়া বর্তমানে বাধাগ্রস্ত হলো।
এই পরাজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের ‘নারী বিদ্বেষী’ বলে আক্রমণ করেছেন। বিরোধীদের এই অবস্থান দেশের সাধারণ নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার বিষয়টি গ্রামীণ এলাকায় পৌঁছে দিতে প্রচার চালাবে এবং বিরোধীরা তাদের এই ভুলের জন্য আক্ষেপ করবে। অন্যদিকে, বিরোধী দলগুলো এই ঘটনাকে সরকারের বড় পরাজয় হিসেবে উল্লেখ করেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দিনটিকে ‘এনডিএ-র জন্য কালো দিন’ বলে অভিহিত করেছেন। নারী সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া যুক্ত করার বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর তীব্র আপত্তি ছিল, তাদের আশঙ্কা এর ফলে বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর রাজনৈতিক প্রতিনিধিত্ব হ্রাস পেতে পারে।