হাওড়ার হারানো গরিমা ফিরবে কি? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা!
একসময়ের ‘প্রাচ্যের শেফিল্ড’ হিসেবে পরিচিত হাওড়া জেলার হারানো শিল্প-গৌরব পুনরুদ্ধারের নতুন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রঘুদেবপুর নেতাজি সংঘের মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি জানান, তাঁর সরকার জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি উলুবেড়িয়া থেকে সাঁকরাইল পর্যন্ত লজিস্টিক হাব নির্মাণ, আমতা ও বাগনানের শিল্প উদ্যোগ, বাণীবনের শাটল কক হাব এবং পাঁচলার জরি শিল্পের আধুনিকীকরণের কথা উল্লেখ করেন। পাশাপশি আইটিআই, পলিটেকনিক ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে মেডিক্যাল কলেজ স্থাপনের মাধ্যমে গ্রামীণ হাওড়ার পরিকাঠামোগত উন্নতির খতিয়ান তুলে ধরেন তিনি।
তবে মুখ্যমন্ত্রীর এই দাবিকে ঘিরে কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। বাম ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত দেড় দশকে হাওড়ার বড় বড় শিল্পপ্রতিষ্ঠান যেমন নিস্কো, বার্ন স্ট্যান্ডার্ড ও হুগলি ডক বন্ধ হয়ে যাওয়ায় জেলাটি শিল্পসমৃদ্ধি হারিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের অভাবে জরি শিল্পীসহ স্থানীয় শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বলেও বিরোধীরা দাবি করেছেন। শিল্পাঞ্চলের ভগ্নদশা ও কর্মসংস্থানের সংকটকে সামনে রেখে বিরোধীরা সরব হওয়ায় নির্বাচনের প্রাক্কালে হাওড়ার শিল্পায়ন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ তৈরি হয়েছে।