আলু চাষিদের মুখে হাসি ফোটাতে এবার ৫০টি নতুন হিমঘর ও আলাদা বাজেটের প্রতিশ্রুতি অভিষেকের!

হুগলির পাণ্ডুয়ায় নির্বাচনী জনসভায় আলুচাষিদের সমস্যার সমাধানে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তিনি জানান, আলুচাষিদের অভাবী বিক্রি রুখতে রাজ্যে নতুন ৫০টি হিমঘর তৈরি করা হবে। পাশাপাশি, কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী বিধানসভায় ৩০ হাজার কোটি টাকার একটি স্বতন্ত্র কৃষি বাজেট পেশ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

এ বছর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাজ্যে ১ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন আলুর রেকর্ড ফলন হয়েছে, যা বর্তমানে থাকা হিমঘরগুলোর ধারণক্ষমতার চেয়ে বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সারের মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে বলেন, কৃষি সরঞ্জামের বাড়তি দামের কারণেই চাষিরা সংকটে পড়েছেন। সংকট মোকাবিলায় সরকার কুইন্ট্যাল প্রতি ৯৫০ টাকা সহায়ক মূল্যে আলু কেনা অব্যাহত রাখবে এবং বহুজাতিক সংস্থার মাধ্যমে আলুকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। নতুন ৫০টি হিমঘর তৈরির প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *