ভোটের মুখে বঙ্গে বড় ধামাকা, ভোটার তালিকায় যুক্ত হলো ৭ লক্ষ নতুন নাম!

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন শুরুর ঠিক চার দিন আগে ভোটার তালিকায় প্রায় ৭ লক্ষ নতুন নাম যুক্ত করার কথা জানাল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন নাম অন্তর্ভুক্ত হওয়ার ফলে বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে নতুন এই ভোটারদের অন্তর্ভুক্তি রাজ্যের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

কমিশনের তথ্য অনুসারে, যুক্ত হওয়া ৭ লক্ষ নতুন ভোটারের মধ্যে ৩.২২ লক্ষ ভোটার প্রথম দফায় এবং প্রায় ৩.৮৮ লক্ষ ভোটার আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বর্তমানে এই তালিকায় নাম থাকা নতুন ভোটারদের লিঙ্গভিত্তিক অনুপাত বা প্রথমবারের ভোটারদের বিস্তারিত তথ্য কমিশন এখনো প্রকাশ করেনি।

এদিকে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী ভোটার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ১৫২টি কেন্দ্রের ক্ষেত্রে ২১ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের বিবেচনাধীন নামগুলোর নিষ্পত্তি করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকায় আরও সংযোজন বা বিয়োজন ঘটার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *