মার্কিন মিসাইল হামলায় নিহত ৩ ভারতীয়! কড়া পদক্ষেপ নিল ভারত?
ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালীর কাছে ‘এমটি সেত্তেবেলা’ (MT Settebello) নামের ২৪ জন ভারতীয় নাবিকবাহী একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কার লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন বাহিনী। ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল পরিবহনের সময় এই জাহাজটিকে লক্ষ্য করে ইঞ্জিনরুমে মিসাইল ছোড়া হয়। তবে আমেরিকা এই হামলার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করলেও ভারতীয় দূতাবাস ও ইরানের বিদেশমন্ত্রক সেই দাবি প্রত্যাখ্যান করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক বার্তায় স্পষ্টভাবে জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরণের প্রাণঘাতী হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এক সপ্তাহের মধ্যে এটি ভারতীয় জাহাজে তৃতীয় হামলার ঘটনা।