রাহুলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় লোকসভা, বাদ দেওয়ার দাবি উঠল কোন শব্দ?
নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে উত্তাল হয়ে উঠল লোকসভা। এই ইস্যুতে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি নিট পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ উল্লেখ করে বলেন, প্রশ্নফাঁসের বিরুদ্ধে লড়াই করা এই পড়ুয়াদের নিয়ে গোটা দেশ গর্বিত। রাহুল গান্ধী দাবি করেন, বিজেপির সাংসদরা যদি তাঁদের সন্তানদের কাছে জানতে চান, তবে তারাও এই আন্দোলনকে সমর্থন করবে বলে মত প্রকাশ করবে। এছাড়া তিনি স্পষ্ট করেন যে, নিট পরীক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোট প্রথম থেকেই ছাত্রদের পাশে রয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে রাহুল গান্ধী ছাত্র, ‘ইডিয়ট’ ও ‘অন্ধভক্ত’—এই তিন শ্রেণির মাধ্যমে বর্তমান সমাজ ও রাজনীতির পরিস্থিতি ব্যাখ্যা করলে লোকসভায় তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধী দলনেতার মুখে এই শব্দগুলো শুনে বিজেপি সাংসদরা সরব হন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিণেন রিজিজু অভিযোগ করেন যে, পড়ুয়াদের দোহাই দিয়ে লোকসভায় অসংসদীয় শব্দ ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পিকার ওম বিড়লার কাছে অনুরোধ জানান, যাতে রাহুলের ওই মন্তব্যগুলো সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।