পিওকে থেকে আসছে ভয়াবহ খবর, সেনার গুলিতে নিহত ৪০!
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) চরম অর্থনৈতিক সংকট ও বঞ্চনার বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন দমাতে পাকিস্তানি সেনা ও নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং ৬ জন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেন। ১২টি বিধানসভা আসন বাতিলের দাবিতে মঙ্গলবার ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’র ব্যানারে মুজাফফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ মিছিল যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী অতর্কিত হামলা চালালে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় আরও কুড়ি জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং বুধবার মিরপুরসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়েছে।
নিজ দেশের নাগরিকদের ওপর চালানো এই সেনাদমনের নিন্দা জানানোর পরিবর্তে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বিক্ষোভকারীদের সরাসরি ‘শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের তিনি ভারতের সমকক্ষ ও শত্রু হিসেবে গণ্য করেন। বর্তমানে পিএমএল-এন (PML-N) এবং পাকিস্তান পিপলস পার্টির (PPP) মধ্যে এই নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা চললেও, সাধারণ মানুষের কণ্ঠরোধ এবং নির্বিচার সহিংসতার কারণে পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।