ট্রেনে মোবাইল খুইয়ে সর্বস্বান্ত, অবশেষে রহস্যভেদে বড় সাফল্য পুলিশের!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ। জেলা পুলিশের সাইবার উইংয়ের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করে এই অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। ওড়িশাগামী ট্রেনে যাতায়াতের সময় পরিযায়ী শ্রমিক সন্দীপ ভারুইয়ের মোবাইল চুরি হলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৩৯ হাজার ৯৯৮ টাকা সরিয়ে ফেলে দুষ্কৃতীরা।

তদন্তে নেমে সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, চুরি করা অর্থ তিনটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এরপর দ্রুত সেই অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টাকা উদ্ধারের কাজ সম্পন্ন হয়। মঙ্গলবার মঙ্গলকোট থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উদ্ধার হওয়া টাকা অভিযোগকারীর পরিবারের হাতে তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *