বর্ষার সংকট ও সাইবার অপরাধ রুখতে রাজ্যগুলিকে মোদীর কড়া বার্তা!

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের উন্নয়নের গতি বজায় রাখতে রাজ্য ও কেন্দ্রকে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে তিনি এই ডাক দেন। ২০২৬ সালে এল নিনোর প্রভাবে সম্ভাব্য খরা ও জলসংকটের আশঙ্কার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি গ্রহণ এবং জল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে কৃত্রিম মেধা বা এআই-কে ভয়ের পরিবর্তে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার জালিয়াতি ও মাদকাসক্তির মতো সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইনি ও প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া দেশের ৭০ কোটি যুবশক্তির দক্ষতা উন্নয়নে এআই, ডেটা সেন্টার ও প্রতিরক্ষা উৎপাদনের মতো খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এমএসএমই) বিদেশি বিনিয়োগ টানার ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং রফতানি বাড়ানোর কৌশলগত বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *