মেয়ের খুনের বিচার পাবেন কি? নতুন সরকারের ওপর পূর্ণ আস্থা তমন্নার মায়ের!

নদিয়ার কালীগঞ্জের ৯ বছরের শিশু তমন্না খুনের ঘটনায় ন্যায়বিচারের আশায় নতুন প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করলেন তার মা সাবিনা ইয়াসমিন। শনিবার কৃষ্ণনগরের পুলিশ সুপার অতুল ভি-র সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি জানান, সরকার পরিবর্তনের পর পরিস্থিতি উন্নত হয়েছে এবং তিনি বর্তমান সরকারের কাছেই সুবিচার পাওয়ার আশা রাখছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূল কংগ্রেসের একটি মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে শিশুটির মৃত্যু হয়েছিল।

ঘটনার পর সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যদিও গত ১০ সেপ্টেম্বর পুলিশ যে চার্জশিট জমা দেয়, তাতে মূল অভিযুক্ত দয়াল শেখসহ ১০ জনের নাম রাখা হয়েছে। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের অনেকে এখনও গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে সাবিনা ইয়াসমিন স্পষ্ট জানিয়েছেন যে, ২৪ জন অভিযুক্তের বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে তাঁর মেয়ের আত্মা শান্তি পাবে না। আগামী সপ্তাহে জেলার ডিআইজির পরিদর্শনের সময় বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন তমন্নার পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *