ভোররাতেই কলকাতায় হুলস্থূল, মমতার ঘনিষ্ঠ ডিসিপির বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রবিবার সকালে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন বালিগঞ্জ এলাকায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিনহা বিশ্বাসের বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন। এছাড়া গোলপার্কের আবাসন ও পার্শ্ববর্তী একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্রেও তল্লাশি চালানো হয়েছে। মূলত কয়লা পাচার ও মেডিকেল কলেজে এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতির তদন্তে অর্থপাচার প্রতিরোধ আইন বা পিএমএলএ (PMLA) ধারায় এই অভিযান চালানো হচ্ছে। এর আগে ৬ এপ্রিল শান্তনু সিনহাকে তলব করেছিল ইডি, তবে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
পুলিশ কর্তার পাশাপাশি ইডির আধিকারিকরা বেহালার ‘সান এন্টারপ্রাইজ’-এর এমডি জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতায় রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযানকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য, এর আগে মিরাজ শাহ এবং বিধায়ক দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশির পর ইডির এই পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।