বিড়ি খাইয়ে মদ পান! ভূত ছাড়ানোর নামে তরুণীর সাথে ভয়াবহ আচরণ!
কেরলের এক তরুণীকে ভূত তাড়ানোর নামে ঘণ্টার পর ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ‘কালো জাদু’র মাধ্যমে ‘অশুভ ছায়া’ দূর করার অজুহাতে এই পৈশাচিক অত্যাচার চালায় অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা। ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক, তার বাবা এবং সংশ্লিষ্ট তান্ত্রিককে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত সপ্তাহে সকাল ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই তান্ত্রিক আচার চলাকালীন তাকে জোর করে বিড়ি, মদ এবং সিঁদুর মিশ্রিত ছাই বা ভস্ম পান করানো হয়। নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে জ্বলন্ত ধূপ দিয়ে তরুণীর শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনার পেছনে আরও বড় কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।