শাহরুখের বদলে হৃতিক! ‘জেলার ২’ নিয়ে এল বড় চমক
রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এ নতুন চমক হিসেবে যুক্ত হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। ছবিটির একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে শাহরুখ খানের অভিনয় করার কথা থাকলেও, নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর ব্যস্ততার কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। শাহরুখের পরিবর্তে এখন ওই চরিত্রে হৃতিক রোশনকে চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, ছবিতে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় দেখা যাবে হৃতিককে এবং তিনি শিগগিরই নিজের অংশের শুটিং শুরু করবেন।
‘জেলার ২’ ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি এস. জে. সুরিয়া, রাম্যা কৃষ্ণান এবং যোগী বাবু অভিনয় করছেন। এছাড়া মোহনলাল, শিবা রাজকুমার, মিঠুন চক্রবর্তী, বিনায়কন, বিজয় সেতুপতি এবং বিদ্যা বালানের মতো তারকারাও এই প্রজেক্টে যুক্ত হতে পারেন। এদিকে, প্রাথমিক ফুটেজ দেখার পর পরিচালক নেলসন দিলীপকুমার ছবির কিছু অংশের দৃশ্য নতুন করে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা না করা হলেও, সব ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।