রামমন্দিরে কোটি টাকার প্রণামী গায়েব, তদন্তে মরিয়া যোগী সরকার!

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা চুরির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তোলা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্তে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার পর, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাজ্য সরকারের কাছে তদন্তের আর্জি জানায়। এই ঘটনার গুরুত্ব বিবেচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইএএস বিজয় বিশ্বাস পন্থ, পুলিশের প্রাক্তন আইজি কিরণ এস এবং অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতনকে নিয়ে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন।

ইতিমধ্যেই অর্থ তছরুপের ঘটনায় ট্রাস্টের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একজনের অ্যাকাউন্ট থেকে নগদ পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী মোহিত অশোক। তিনি বিষয়টিতে সিবিআই তদন্ত এবং ক্যাগ (CAG)-এর মাধ্যমে ট্রাস্টের অ্যাকাউন্টের ফরেনসিক অডিট করানোর দাবি জানিয়েছেন। ট্রাস্টের একাংশ প্রথমদিকে অভিযোগ অস্বীকার করায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, যার ফলে মন্দির পরিচালনার স্বচ্ছতা ও আর্থিক নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *