বেকার হলেও সন্তানের খরচ বাবারই! বম্বে হাই কোর্টের ঐতিহাসিক রায়
স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ বা সম্পর্কের অবনতি হলেও বাবার পক্ষে নাবালক সন্তানদের আর্থিক নিরাপত্তা ও লালনপালনের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। সম্প্রতি একটি মামলার শুনানিতে আদালত স্পষ্ট করেছে, রোজগার না থাকলেও সন্তানদের ভরণপোষণ দেওয়া বাবার আইনি ও নৈতিক কর্তব্য। দাম্পত্য বিচ্ছেদের প্রেক্ষিতে সন্তানের অধিকার রক্ষায় আদালতের এই পর্যবেক্ষণকে একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মহারাষ্ট্রের বুলধানা জেলার এক ব্যক্তি তাঁর দুই নাবালক সন্তানের ভরণপোষণের জন্য নিম্ন আদালত কর্তৃক নির্ধারিত মাসিক ৮ হাজার টাকা প্রদানের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন। ওই ব্যক্তি দাবি করেন, তাঁর বর্তমান আয়ের সংস্থান নেই এবং অটো বিক্রি করে দেওয়ায় তিনি অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন। তবে তাঁর সেই বেকারত্বের যুক্তি খারিজ করে বিচারপতিরা জানান, ব্যক্তিগত কোনো অজুহাত বা স্বল্প আয় নাবালক সন্তানদের লালনপালনের দায়িত্ব থেকে পিতাকে মুক্তি দিতে পারে না। আদালত নিশ্চিত করেছে যে, অভিভাবকের সীমাবদ্ধতার চেয়ে সন্তানদের স্বার্থ ও ভবিষ্যৎ সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য।