আমফান দুর্নীতিতে কোটি টাকার লুঠ, নিশানায় এবার অভিষেক!
২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বণ্টনে প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এবং ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে এই অভিযোগটি জমা দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। ঘর মেরামতির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা এই বিপুল পরিমাণ অর্থ বণ্টনে ব্যাপক দুর্নীতি ও ডেটাবেস কারচুপির অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি, বিষ্ণুপুর ১ ও ২ ব্লক এলাকায় একই ব্যক্তির নামে একাধিকবার টাকা বরাদ্দ করে ত্রাণের অর্থ আত্মসাৎ করা হয়েছে। তৃণমূলের জনপ্রতিনিধিরাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি করে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে এই অর্থ লোপাট করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগকারী জেলার প্রতিটি থানায় এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন।