টিকিট জল্পনায় ক্ষুব্ধ কাকলি-পুত্র, মমতা সহ তৃণমূলের হেভিওয়েটদের আইনি নোটিস!

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা-নেত্রীকে আইনি নোটিস পাঠালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে চিকিৎসক ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তাঁকে নিয়ে সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এই নোটিস পাঠানো হয়েছে। অভিযুক্তদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও সোনালী গুহ।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বারাসত আসনে ছেলের জন্য টিকিট চেয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, যা না মেলায় তিনি দলের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছেন। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আইনি নোটিসে তিনি জানিয়েছেন, তিনি কখনোই এ ধরনের মনোনয়ন চাননি বা তাঁর কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। উলটে তাঁর দাবি, রাজনৈতিক মহল থেকেই তাঁকে নির্বাচনে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি বিদেশে কর্মরত একজন চিকিৎসক এবং তাঁর টিকিট না পাওয়ার কাল্পনিক ক্ষোভের সঙ্গে মায়ের রাজনৈতিক অবস্থানের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।

আগামী ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগকারী সন্তুষ্ট না হলে অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই সরাসরি আইনি পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, যা তৃণমূলের অন্দরের বর্তমান জটিল পরিস্থিতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *