পাকিস্তানের সঙ্গে আলোচনার জল্পনা, আরএসএসের বার্তা কি নজিরবিহীন!
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক টানাপোড়েনের আবহে প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনার পথ বন্ধ না করার বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শত্রুতা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের মতকে সমর্থন জানিয়ে ভাগবত বলেন, পরিস্থিতির বিচারে যেমন অন্যায়ের মোকাবিলা জরুরি, তেমনই ভালো বিষয়গুলোকে রক্ষা করাও প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানে আজও এমন অনেক মানুষ আছেন যারা ভারত ও পাকিস্তানের দেশভাগকে ঐতিহাসিক ভুল বলে মনে করেন এবং ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেন।
হিটলারের স্বৈরাচারী নীতির বিরোধিতা করে মোহন ভাগবত স্পষ্ট জানিয়েছেন, ভারতের আদর্শ কখনওই হিটলারের মতো হতে পারে না। তিনি মত প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে যদি কখনো ভারত পাকিস্তানকে পরাজিতও করে, তবে সেই পরিস্থিতির পরও দেশটির নাগরিকদের শান্তিতে বসবাসের সুযোগ দেওয়া উচিত। একইসঙ্গে আরএসএস প্রধান জানিয়েছেন, বিদেশ নীতির ক্ষেত্রে সংঘের কোনো স্বাধীন অবস্থান নেই এবং তারা সর্বদা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পক্ষেই থাকবে। তবে চরম উত্তেজনার মাঝে তাঁর এই মন্তব্য দুই দেশের জনগণের মধ্যে মানবিক যোগাযোগের একটি নতুন সম্ভাবনা তৈরির ইঙ্গিত দিচ্ছে।