হরমুজ প্রণালীতে মৃত্যুর প্রহর গুনছেন ৫৬২ নাবিক!

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে দীর্ঘ ১০৭ দিন ধরে আটকে রয়েছেন ৫৬২ জন ভারতীয় নাবিক। ভারতের জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার কারণে ভারতীয় পতাকাবাহী অন্তত ১৩টি পণ্যবাহী জাহাজ আটকা পড়ায় নাবিকদের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন নাবিকের মৃত্যুর ঘটনার পাশাপাশি সম্প্রতি এমটি সেলেস্টিয়াল জাহাজে নিশান্ত উরথানাথান নামের আরও এক ভারতীয় নাবিকের মৃত্যুতে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বর্তমানে ওই নাবিকের মরদেহ দেশে ফেরাতে বিদেশ মন্ত্রক ও ওমানের ভারতীয় দূতাবাস যৌথভাবে কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্বের ‘তৈল ধমনী’ হিসেবে পরিচিত এই জলপথটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। জাহাজ মন্ত্রকের দেওয়া তথ্যমতে, আটকে পড়া নাবিকদের মধ্যে ৩২৯ জন হরমুজের পশ্চিম অংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরের পূর্ব দিকে রয়েছেন। দীর্ঘ সময় ধরে এই প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক পণ্য পরিবহণে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার পাশাপাশি আটকে পড়া নাবিকদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *