পাকিস্তানের সঙ্গে আলোচনা পাকাপাকি? আরএসএস প্রধানের মন্তব্যে তোলপাড়!

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও সীমান্ত সন্ত্রাসের আবহে এবার আলোচনার রাস্তা খোলা রাখার পক্ষে জোরালো বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের মতকে সমর্থন জানিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট করেছেন যে, যেকোনো পরিস্থিতিতেই আলোচনার পথ সম্পূর্ণ বন্ধ করা উচিত নয়। ভাগবতের মতে, তাঁরা হিটলারের মতো আগ্রাসী দমননীতিতে বিশ্বাসী নন, তাই অবিচারকে পরাস্ত করলেও প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা জরুরি।

মোহন ভাগবত জানিয়েছেন, পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করে, তাহলেও সেখানকার সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ ও পুনর্বাসনের জন্য আলোচনার প্রয়োজন হবে। তার দাবি, প্রতিবেশী দেশে এমন অনেকে রয়েছেন যারা দেশভাগের বিরোধী এবং আরএসএসের কাজের প্রশংসাও করেন। তবে এই অবস্থানের পাশাপাশি আরএসএস প্রধান এও স্পষ্ট করেছেন যে, বৈদেশিক নীতির ক্ষেত্রে সংঘের নিজস্ব কোনো অবস্থান নেই এবং তারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পক্ষেই রয়েছে। তবুও আরএসএস নেতৃত্বের এই বাস্তবসম্মত বার্তা ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার সম্ভাবনা তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *