সড়কের ধারে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য!
নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রাস্তার পাশে পড়ে থাকা এই ওষুধের মধ্যে প্রচুর ট্যাবলেট এবং সিরাপের বোতল রয়েছে। লক্ষ লক্ষ টাকার এই সরকারি ওষুধ কেন সাধারণ মানুষের কাছে পৌঁছাল না এবং কেনই বা তা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেলে রাখা হলো, তা নিয়ে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কিছুদিন ধরেই তারা এই বিপুল পরিমাণ ওষুধ রাস্তার ধারে পড়ে থাকতে দেখছেন। সরকারি ওষুধ এভাবে নষ্ট হওয়ার পেছনে বড় কোনো প্রশাসনিক গাফিলতি নাকি কোনো চক্র কাজ করছে, তা চিহ্নিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।