ব্রিটিশ আমলের অবসান, ভারতীয় সেনায় এবার নতুন যুগের সূচনা!

ব্রিটিশ আমলের ঔপনিবেশিক রীতিনীতি ঝেড়ে ফেলে এক নতুন রূপে সজ্জিত হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি ‘আর্মি ইউনিফর্মস-২০২৪’ নামে ১৭৪ পাতার একটি নির্দেশিকা প্রকাশ করে সেনাসদস্যদের পোশাক এবং সাজসজ্জায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে এখন থেকে সাহেবি পোশাকের পরিবর্তে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া সম্বলিত গলাবন্ধ কোট বা জ্যাকেট পরার সুযোগ পাবেন জওয়ানরা। এছাড়া সেনাবাহিনীর খাতা থেকে ‘রয়্যাল’-এর মতো একাধিক ব্রিটিশ শব্দ চিরতরে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকায় পোশাকের আধুনিকীকরণের পাশাপাশি জওয়ানদের ব্যক্তিগত সাজসজ্জার ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নারী সেনা সদস্যদের ক্ষেত্রে ডিউটিতে থাকা অবস্থায় লিপস্টিক, নেলপলিশ, কপালে টিপ বা নাকছাবি পরা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পুরুষ সদস্যদের গোঁফের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। শিখ রেজিমেন্ট ব্যতীত অন্য কোনো বিভাগের জওয়ানরা প্রকাশ্যে কোনো ধর্মীয় প্রতীক বহন করতে পারবেন না এবং শরীরে ট্যাটু বা কানে-নাকে ছিদ্র রাখাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, ডিউটি চলাকালীন কড়া পারফিউম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে শৃঙ্খলা ও একতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *