ইরানের সঙ্গে ট্রাম্পের মেগা ‘শান্তি চুক্তি’, এক ধাক্কায় ৪% সস্তা জ্বালানি!
দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এই ঘোষণার মাধ্যমে তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চল থেকে মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের জন্য অতিরিক্ত টোল দিতে হবে না।
এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৮৩.৭৭ ডলারে এবং মার্কিন ক্রুড ফিচার্স ৫ শতাংশ কমে ৮০.৮৩ ডলারে নেমে এসেছে। বিশ্ব অর্থনীতির ওপর এ প্রভাবের ইতিবাচক প্রতিফলন দেখা গেছে বৈশ্বিক শেয়ার বাজারেও। সোমবার আমেরিকার ডাও জোন্স, এসঅ্যান্ডপি ও নাসডাক সূচকের পাশাপাশি এশিয়ার দক্ষিণ কোরিয়ার কসপি ও জাপানের নিক্কেই সূচকেও বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।