ভালোবাসার টানে কাঁটাতারের ওপারে, স্ত্রীর মুক্তির অপেক্ষায় দিশেহারা স্বামী!
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক দশক আগে অবৈধভাবে ভারতে আসা এক বাংলাদেশি তরুণীকে আটক করেছে গুজরাত পুলিশ। ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামক বিশেষ অভিযানের অংশ হিসেবে আনন্দ জেলার লম্ভবেল গ্রাম থেকে কাজল নামের এই দুই সন্তানের জননীকে আটক করা হয়। বর্তমানে তাকে একটি মহিলা আশ্রয় হোমে রাখা হয়েছে এবং নিয়ম অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। রাজ্য পুলিশের তথ্যমতে, চলতি মাসে গুজরাত জুড়ে ছয়শোর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে আনন্দ জেলা থেকেই প্রায় ৬০ জন ধরা পড়েছেন।
কাজলের স্বামী তরুণ পটেল জানিয়েছেন, বিয়ের উদ্দেশ্যে বৈধ নথিপত্র জোগাড় করতে ব্যর্থ হয়ে কাজল অবৈধ পথেই ভারতে এসেছিলেন। হিন্দু ধর্ম গ্রহণ করে তিনি দীর্ঘ সময় ধরে ওই পরিবারে বসবাস করছিলেন এবং তাঁদের আট ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠালে চরমপন্থীদের হাতে তার প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তরুণ পটেল গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সঙ্ঘবীর কাছে মানবিক আবেদন জানিয়েছেন। কাজলের মুক্তি চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে তাদের আট বছর বয়সী সন্তানও। তবে এই ইস্যুতে আনন্দ জেলার পুলিশ সুপার কোনো মন্তব্য করেননি এবং আহমেদাবাদ রেঞ্জের আইজি এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর কথা বলবেন বলে জানিয়েছেন।