দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা দুর্ভোগ, অবশেষে দেশে ফিরলেন তারেক রহমানের উপদেষ্টা!
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. জাহেদ-উর রহমান। গত ১৪ জুন সন্ধ্যায় প্রতিনিধি দলের সদস্য হিসেবে দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। প্রবেশের অনুমতি পাওয়ার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত তৃতীয় একটি দেশের বিমানে করে বাংলাদেশে ফিরে যান। এই সফরের বিষয়টি আগেভাগেই বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ড. জাহেদের নাম পূর্বে একটি বিশেষ ওয়াচলিস্টে থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়েছিল। তবে ইমিগ্রেশনের অভ্যন্তরীণ তালিকায় নাম থেকে যাওয়ায় প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতার সৃষ্টি হয়। পরবর্তীতে এই জটিলতা নিরসন হলেও ততক্ষণে তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুই দেশের সম্পর্ক যখন সীমান্ত ইস্যু, পুশব্যাক বিতর্ক এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন অস্বস্তির জন্ম দিয়েছে।