ট্রাম্পের ঘোষণায় স্বস্তি! তেলের দামে বড় পতন, চাঙ্গা শেয়ার বাজার
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হচ্ছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এই সমঝোতার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী তেলের সরবরাহ স্থিতিশীল করবে। সোমবার মার্কিন ক্রুড অয়েলের দাম ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮০.৮৩ ডলার এবং ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমে ৮৩.৭৭ ডলারে নেমে আসে। জ্বালানি বাজারে এই স্বস্তির খবরে ডাও জোন্স, এসঅ্যান্ডপি ৫০০ ও ন্যাসড্যাকের মতো মার্কিন সূচকগুলোর পাশাপাশি জাপানের নিক্কেই-২২৫, দক্ষিণ কোরিয়ার কোসপি এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকেও তেজিভাব লক্ষ্য করা গেছে।