ফাইলেরিয়া রুখতে প্রস্তুত স্বাস্থ্য দপ্তর, আপনি সচেতন তো?
২০৩০ সালের মধ্যে পশ্চিমবঙ্গকে পুরোপুরি ফাইলেরিয়া বা গোদ রোগমুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই মিশনকে সফল করতে আজ সোমবার থেকে রাজ্যের ১০টি জেলায় ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ব্যাপক হারে ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে। হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই মেগা কর্মসূচির সূচনা করবেন। স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, এই অভিযানে রাজ্যের প্রায় ১ কোটি ৩১ লক্ষ মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে জেলা স্বাস্থ্য দপ্তর।
রাজ্যের ১০টি জেলার ৪৮টি ব্লক ও ১১টি পুর এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে। জেলাগুলি হলো—হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর। কর্মসূচিটি নিখুঁতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজের ‘কমিউনিটি মেডিসিন’ বিভাগকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ চিকিৎসকেরা ব্লক ও পুরসভায় গিয়ে মাইক্রোপ্ল্যান তৈরি করবেন এবং ওষুধ সেবনের পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন। এছাড়া হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসাধীন রোগীদেরও ফাইলেরিয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি ওষুধ খাওয়ানো হবে।