গলায় লোহার শিকল ও তালা! স্বামীর এমন নৃশংস অত্যাচারে শিউরে উঠল পুলিশ!
মধ্যপ্রদেশের রাজগড় জেলার খিলচিপুর এলাকার ছিপিপুরা গ্রামে খাবার দিতে দেরি হওয়ার অভিযোগে স্ত্রীকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী সর্দার সিং তনওয়ার মদ্যপ অবস্থায় ঘরে ফিরে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং গলায় ভারী লোহার চেন জড়িয়ে ঘরের খুঁটির সাথে তালা দিয়ে আটকে রাখে। টানা ২৪ ঘণ্টা বন্দি রেখে লোহার রড গরম করে ওই মহিলার শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেওয়া হয়।
নির্যাতিতা মাঙ্গী বাঈ তনওয়ার কৌশলে ঘরের খুঁটির তালা ভেঙে পালিয়ে প্রাণ বাঁচান। গলায় চেন ও তালা ঝোলানো অবস্থায় দীর্ঘ ৬ কিলোমিটার গভীর জঙ্গল পেরিয়ে তিনি রাত ১০টার দিকে খিলচিপুর থানায় পৌঁছান। পুলিশ জানিয়েছে, ১০ বছর আগে বিয়ের পর থেকেই স্বামী তাঁর ওপর নিয়মিত নির্যাতন চালাত। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত সর্দার সিং তনওয়ারকে গ্রেপ্তার করেছে।