IVF-এর নামে চরম প্রতারণা, যমজ সন্তান নিজেদের নয় শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল দম্পতির!
হরিয়ানার গুরুগ্রামে আইভিএফ (IVF) পদ্ধতিতে জন্ম নেওয়া যমজ সন্তানের সঙ্গে জিনগত কোনো সম্পর্ক নেই বলে ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে। সন্তানদের শারীরিক গঠনের সঙ্গে পিতামাতার অমিল থাকায় সন্দেহবশত এই পরীক্ষা করানো হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, আইভিএফ সেন্টারে ভ্রূণ প্রতিস্থাপনের সময় অথবা প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষের মারাত্মক কোনো গাফিলতির কারণে সংশ্লিষ্ট দম্পতির সন্তানদের পরিচয় বদলে গেছে।
ভুক্তভোগী দম্পতি বিষয়টি নিয়ে আইভিএফ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাইলেও কোনো সদুত্তর পাননি। এরপরই তাঁরা পুলিশের দ্বারস্থ হন এবং পরবর্তীতে আদালতের শরণাপন্ন হন। তবে অভিযোগ রয়েছে যে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে প্রয়োজনীয় নথিপত্র ও চিকিৎসার রেকর্ড বাজেয়াপ্ত করতে পুলিশ ও প্রশাসন গাফিলতি করছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ওই হাসপাতাল আইভিএফ চিকিৎসার ক্ষেত্রে অনুসৃত কঠোর সুরক্ষাবিধি ও ক্রস-ভেরিফিকেশন পুরোপুরি উপেক্ষা করেছিল।