জিতেই বেপাত্তা বিধায়ক! ভগবানগোলায় পড়ল নিখোঁজ পোস্টার
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মাসখানেকের মধ্যেই রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মাঝে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টারগুলিতে লেখা ছিল, ‘ভোটের আগে কত কথা, ভোট ফুরোলে যায়নি দেখা।’ মূলত ওই এলাকায় চলমান উচ্ছেদ অভিযান নিয়ে চরম আতঙ্কে থাকা বাসিন্দারা তাঁদের নির্বাচিত জনপ্রতিনিধিকে পাশে না পাওয়ায় এই ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে রবিবার রাতেও রানিতলা এলাকায় বিধায়ককে লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে, যা নিয়ে বিধায়কের অনুগামী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট ও সাংগঠনিক ভাঙন ক্রমশ প্রকট হচ্ছে। দলের ভরাডুবির মধ্যে ভগবানগোলা কেন্দ্রে জয়লাভ করলেও রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে ওঠা এই জনরোষ রাজনৈতিক মহলে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। বর্তমানে অনেক জয়ী বিধায়ক জনরোষের আশঙ্কায় এলাকাছাড়া বা ঘরবন্দি রয়েছেন। তৃণমূলের অন্দরে ‘আসল তৃণমূল’ দাবি করে দলের একাংশের ভিন্নমত পোষণ করার বিষয়টিও এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বিধায়ক রেয়াত হোসেন সরকার সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।