বেকারদের অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা! যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) নামে নতুন একটি প্রকল্প চালুর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পূর্বতন ‘যুবশ্রী’ প্রকল্পের আর্থিক সাহায্য দ্বিগুণ করে এই নতুন প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরিপ্রার্থীদের এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীদের অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং চাকরিপ্রার্থী হতে হবে। প্রকল্পের অধীনে সুবিধার জন্য ভোটার কার্ড, জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র প্রয়োজন হবে। পুরনো ‘যুবশ্রী’ প্রকল্পের উপভোক্তারাও এই নতুন প্রকল্পের আওতায় আসবেন, তবে আবেদনের ক্ষেত্রে সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে।