স্বামী-স্ত্রীর ‘ড্রাগ সাম্রাজ্য’, সাত দিনেই উদ্ধার ২৬ কোটির মাদক!

বিহারের পাটনায় একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ, যা মূলত একটি পরিবারের সদস্যদের মাধ্যমেই পরিচালিত হতো। পাটনা পুলিশের বিশেষ দল (DIU) গত এক সপ্তাহে ধারাবাহিক অভিযান চালিয়ে এই চক্রের কাছ থেকে ২৬ কোটি টাকার ব্রাউন সুগার, হেরোইন ও স্ম্যাক উদ্ধার করেছে। সব মিলিয়ে এই চক্রের কাছ থেকে এখন পর্যন্ত ৫০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এই আন্তর্জাতিক মাদক চক্রের মূল হোতা সন্তোষ সাউ এবং তার স্ত্রী রেখা দেবী। তাদের সঙ্গে চক্রে যুক্ত ছিল সন্তোষের শ্যালক কৃষ্ণ কুমার রাম এবং ভাসুরসহ অন্যান্য সহযোগী।

তদন্তে জানা গেছে, চক্রটি উত্তরপ্রদেশের মোগলসরাই ও গাজিপুর থেকে মাদকের চালান এনে তা ছোট ছোট ডোজে ভাগ করে পাটনার স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজের কাছে সরবরাহ করত। পুলিশের চোখে ধুলো দিতে তারা একটি চুরি করা স্করপিও গাড়ি ব্যবহার করতো এবং মাদকের কারবার থেকে অর্জিত কালো টাকা সাদা করতে পাটনার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি কিনেছিল। ফুলওয়ারিশরিফ ও সোরংপুরের একাধিক গোপন আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ মাদক, অস্ত্র, কার্তুজ, নগদ টাকা এবং চোলাই মদ উদ্ধার করেছে। বর্তমানে এই চক্রের মূল হোতা সন্তোষ সাউ, তার স্ত্রী রেখা দেবী ও সহযোগী সীমা কুমারীকে গ্রেপ্তারে পুলিশি তল্লাশি চলছে। এই পুরো অভিযানটির নেতৃত্বে ছিলেন মহিলা সাব-ইন্সপেক্টর জয়া কুমারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *