ঘরে বসেই মালদার সেরা আম, অর্ডার করুন আজই!
মালদার বিখ্যাত আম এখন থেকে সরাসরি ঘরে বসেই অর্ডার করতে পারবেন আমপ্রেমীরা। জেলা প্রশাসনের উদ্যোগে ‘আমার মালদা’ নামে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্মের সূচনা করা হয়েছে। এর ফলে ক্রেতাদের বাজার খোঁজা বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করার প্রয়োজন আর থাকবে না। মঙ্গলবার এই পরিষেবার উদ্বোধন করেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর।
এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে ফজলি, হিমসাগর, আম্রপালি, মল্লিকা ও গোপালভোগসহ বিভিন্ন জাতের আম সরাসরি কেনা যাবে। এই প্ল্যাটফর্মটি আমচাষি, স্থানীয় ব্যবসায়ী এবং রফতানিকারকদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলবে। আধুনিক বিপণন, সংরক্ষণ ও পরিবহণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মালদার আমকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ই-কমার্স ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন, অন্যদিকে ক্রেতারা ঘরে বসেই টাটকা আম পাওয়ার সুবিধা পাবেন।