মাঝরাতে হাবড়া স্টেশনে বুলডোজার, ধুলিসাৎ সব বেআইনি দোকানপাট!
উত্তর ২৪ পরগনার ব্যস্ততম হাবড়া স্টেশনে সোমবার গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। রেলের জমি দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান এবং একটি সিপিএমের পার্টি অফিস বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী, জিআরপি এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় এই অভিযান পরিচালিত হয়। স্টেশন চত্বরে অবৈধ নির্মাণের কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে এবং পূর্বঘোষিত নোটিস অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল।
চলতি মাসের শুরুতে রেল কর্তৃপক্ষ ১৫ জুনের মধ্যে অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য হকারদের নোটিস দিয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দোকান না সরানোয় বুলডোজার দিয়ে কাঁচা ও পাকা দোকানপাট ভাঙা হয়েছে। অভিযান চলাকালীন সিপিএমের পার্টি অফিস ভাঙা নিয়ে বামকর্মী ও পুলিশের মধ্যে বচসা ও উত্তজেনার সৃষ্টি হয়। এই উচ্ছেদের ফলে স্টেশন চত্বর শৃঙ্খলামুক্ত হয়ে নিত্যযাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, আকস্মিক এই অভিযানে রুটিরুজি হারানো হকারদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এ নিয়ে বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে।