পাক পুলিশের গুলিতে অস্ট্রেলিয়ার ৯ বছরের বালিকার মৃত্যু, বিচারের দাবিতে গর্জে উঠলেন আলবানিজ!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় পুলিশের গুলিতে ৯ বছর বয়সী অস্ট্রেলীয় শিশু হানিয়া আহমেদের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ১০ জুন রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে গাড়িতে ফেরার সময় পুলিশ ডাকাত সন্দেহে গাড়িটি লক্ষ্য করে গুলি চালালে হানিয়া ও তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার দিন হানিয়ার বাবা পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করেছিলেন এবং পুলিশকে আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ দ্রুতগতিতে চলে যাওয়া গাড়িটিকে ডাকাতদের ভেবে কোনো যাচাই ছাড়াই গুলি চালায়। এই ঘটনায় পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অপেশাদারিত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা তৈরি হয়েছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে।