দেশ ছাড়ার আশঙ্কায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস!

জমি জালিয়াতি মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের বিরুদ্ধে এবার ‘লুকআউট নোটিস’ জারি করল সিআইডি। সোমবার মেদিনীপুর জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর, ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ নিল। জমি জালিয়াতি মামলায় অভিযুক্ত সুমিত যাতে দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, গ্রেপ্তার এড়াতে সুমিত রায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।

মেদিনীপুর জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে সুমিত রায়ের সঙ্গে কোটি টাকার এই জালিয়াতির সরাসরি যোগসূত্রের তথ্য পান তদন্তকারীরা। এরপর থেকেই তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়। গত শনিবার ভোররাতে সিআইডি তদন্তকারীরা কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালান, কারণ সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন সেখানে পাওয়া গিয়েছিল। এছাড়া হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হলেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *