মার্কিন আদালতে বড় ধাক্কা খেল টাটা, TCS-কে দিতে হবে ১৮০০ কোটি টাকা!
আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের আইনি বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। ‘ট্রেড সিক্রেট’ বা ব্যবসায়িক গোপন তথ্য চুরির একটি মামলায় টিসিএস-এর করা পুনর্বিবেচনার আপিল খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল এবং কোম্পানিটিকে জরিমানা ও অন্যান্য খরচ বাবদ মোট ২২০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৮০০ কোটি টাকার বেশি) পরিশোধ করতে হচ্ছে।
ঘটনার সূত্রপাত ১৯৯০-এর দশকে, যখন ‘কম্পিউটার সায়েন্সেস কর্পোরেশন’ (সিএসসি) বিমা প্রতিষ্ঠান ‘ট্রান্সআমেরিকা’-কে নিজস্ব সফটওয়্যার ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। পরবর্তীতে টিসিএস যখন ট্রান্সআমেরিকা থেকে দুই হাজারেরও বেশি কর্মীকে নিয়োগ দেয়, তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ওই কর্মীদের সহায়তায় সিএসসির গোপন সফটওয়্যার প্রযুক্তি হাতিয়ে নিয়ে টিসিএস তাদের নিজস্ব প্রতিযোগী প্ল্যাটফর্ম তৈরি করেছে। ২০১৯ সালে দায়ের হওয়া এই মামলার প্রেক্ষিতে ২০২৩ সালে মার্কিন জুরি বোর্ড টিসিএসকে দোষী সাব্যস্ত করে জরিমানার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের বর্তমান সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের সেই রায়ই বহাল থাকল।