মহারাষ্ট্রে ফের বড়সড় ভাঙন, উদ্ধব ঠাকরের ভবিষ্যৎ কি এখন প্রশ্নের মুখে!

মুম্বইয়ের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে যে, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) থেকে ১৪ থেকে ১৬ জন বিধায়ক এবং অন্তত ৭ জন লোকসভা সাংসদ দলবদল করতে পারেন। ‘অপারেশন টাইগার’ নামে পরিচিত এই কথিত ভাঙনের গুঞ্জনে মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২০২২ সালে একনাথ শিন্ডের বিদ্রোহের পর এটি উদ্ধব শিবিরের জন্য বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতির মোকাবিলায় রবিবার মুম্বইয়ে ‘মাতোশ্রী’ বাসভবনে দলের সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে।

তবে দলের ভাঙনের এই জল্পনাকে উড়িয়া দিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতৃত্ব। দলের প্রবীণ সাংসদ অরবিন্দ সাওয়ান্ত দাবি করেছেন, উদ্ধব ঠাকরের ডাকা বৈঠকে সমস্ত সাংসদ উপস্থিত ছিলেন এবং দলে কোনো ফাটল নেই। পাল্টা জবাবে শিন্ডে শিবিরের সাংসদ প্রতাপরাও যাদব দাবি করেছেন, উদ্ধব শিবিরের অনেক নেতাই ঠাকরে পরিবার ও সঞ্জয় রাউতের নেতৃত্বের ওপর অসন্তুষ্ট এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণে তারা দল ছাড়তে আগ্রহী। একইসঙ্গে শিন্ডে শিবিরের নেত্রী শায়না এনসি ঘটনাটিকে ‘অপারেশন প্রোগ্রেস’ বলে অভিহিত করেছেন। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে বলে মহলের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *