৫০০ মহিলার সঙ্গে প্রেম ও কোটি টাকার প্রতারণা, অবশেষে ধরা পড়ল চিকিৎসক-প্রযোজক সেজে থাকা ‘রোমান্স স্ক্যামার’!
ম্যাট্রিমোনিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক, আইনজীবী এবং উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে পাঁচ শতাধিক নারীকে প্রতারিত করার অভিযোগে আনন্দ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি মূলত একাকী নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। তদন্তে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দুই কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত বিভিন্ন ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল তৈরি করে নারীদের বিশ্বাস অর্জন করতেন এবং কৌশলে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন। অনেক ক্ষেত্রে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে তিনি পাওনাদার নারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।
এক ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আনন্দ কুমারের অবস্থান শনাক্ত করে। অভিযানে তাঁর কাছ থেকে চারটি স্মার্টফোন, আটটি সিমকার্ড এবং প্রতারণার অর্থে কেনা প্রচুর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। জেরায় তিনি স্বীকার করেছেন যে, এই অর্থ তিনি অনলাইন গেমিং এবং বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করতেন। উল্লেখ্য, এর আগেও দিল্লি ও গাজিয়াবাদে তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের মামলা রয়েছে।