হোটেল রুমে মদের নেশায় প্রেমিকের নৃশংস মৃত্যু! প্রেমিকার জঘন্য কাণ্ডে শিউরে উঠল শহর।
উত্তরপ্রদেশের আগ্রায় একটি হোটেলের কক্ষ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফতেহপুর সিক্রির বাসিন্দা ওই যুবক তার প্রেমিকার সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মদ্যপানের সময় বচসার জেরে ওই নারী হাতুড়ি দিয়ে যুবকের মাথায় আঘাত করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। খবর পেয়ে হোটেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি পড়ে থাকতে দেখেন।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি কোনো তাৎক্ষণিক উত্তেজনার ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত নারী আগে থেকেই ব্যাগে হাতুড়ি ও ধারালো অস্ত্র বহন করছিলেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে না গিয়ে মরদেহের পাশেই বসে ছিলেন এবং বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক ও অভিযুক্ত নারীর মধ্যে নিকট আত্মীয়তার সম্পর্ক ছিল। আগ্রার পশ্চিম বিভাগের ডিসিপি আদিত্য কুমারের নেতৃত্বে অভিযুক্ত নারীকে হেফাজতে নিয়ে এ ঘটনার নেপথ্যে থাকা সম্পর্কের টানাপোড়েন বা অন্য কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে।